বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি বলে দাবি করেছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) আ: ছালাম খান।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ফোনে ইউএনবিকে এ কথা বলেন মহাপরিচালক।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী শনিবার এক অনুষ্ঠানে অভিযোগ করে বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি কর্মকর্তা-কর্মচারীদের বলেছেন, রুকন না হলে চাকরি থাকবে না।
রিজভীর এ বক্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করলে মহাপরিচালক ছালাম খান বলেন, ‘আমি এ ধরনের কথা বলিনি, এটি সম্পূর্ণ মিথ্যা। আমি এটা বলিনি। কেউ হয়তো তাকে ভুল তথ্য দিয়েছে, আমাকে হেয় করার জন্য।’
তিনি বলেন, ‘রিজভী সাহেব সম্ভবত ভুল তথ্যের ভিত্তিতে ওই মন্তব্য করেছেন। সাম্প্রতিক আমি এ ধরনের কোনো বক্তব্য দেইনি।’
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মহাপরিচালক আ: ছালাম খান একজন বিচার বিভাগীয় কর্মকর্তা। তিনি একজন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং বরেণ্য আলেম। মহাপরিচালকের নামে এ ধরনের ভ্রান্ত বক্তব্য প্রচার নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।
উল্লেখ্য, শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে আমরা যেখানেই যাই সেখানেই শুনি, একটি সংগঠনের লোক তারা সেখানে বসে আছেন। ডিজি কে? তারা বলছে, এটি একটি বিশেষ দলের লোক। ওরা ডিজিগিরি করছেন নাকি ওখানে তাদের সংগঠনের কাজ করছেন।’
তিনি বলেন, ‘আমি এমনো শুনেছি, ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি, তিনি তার কর্মকর্তা-কর্মচারীদেরকে বলেছেন, তোমরা রুকন না হলে তোমাদের চাকরি থাকবে না। এটা একদম সত্য কথা, আজকে আমাকে বলা হয়েছে। আমি আপনাদের সামনে কোনো মিথ্যা কথা বানিয়ে বলছি না। এ জন্য আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম শেখ হাসিনার পুলিশের গুলিতে জীবন দিয়েছে? নিজের শার্টের বোতাম খুলে দিয়ে পুলিশের গুলি বরণ করে নিয়েছে এই গণতন্ত্রের জন্য?’



