নতুন ধরনের রাজনীতি করতে চাই : মাহবুবা হাকিম

‘নতুন ধরনের রাজনীতি করতে চাই। যেই রাজনীতিতে আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকবো। যেখানে দেশের কল্যাণে দল-মতের কোনো বিভাজন থাকবে না।’

নিজস্ব প্রতিবেদক
বক্তব্য প্রদান করছেন জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম
বক্তব্য প্রদান করছেন জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম |ছবি : নয়া দিগন্ত

জাতীয় পর্যায়ে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দুইজন কৃতি গ্র্যাজুয়েটকে সংবর্ধনায় সংবর্ধিত অতিথি ও জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত) ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম বলেছেন, নতুন ধরনের রাজনীতি করতে চাই। যেই রাজনীতিতে আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকবো। যেখানে দেশের কল্যাণে দল-মতের কোনো বিভাজন থাকবে না।

বুধবার (২০ মে) বুটেক্স অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের এই এমপি আরো বলেন, দেশের টেক্সটাইল খাতের উন্নয়ন এবং বুটেক্সের অগ্রগতিতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা প্রয়োজন। এ বিষয়ে আমি মাননীয় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম ও ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম)।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, টেক্সটাইল খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বুটেক্সিয়ান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।