সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন।
বুধবার ড. রিচার্ড বিউলের নেতৃত্বে মেডিক্যাল প্রতিনিধি দলটি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিক্যাল টিমের সাথে প্রাথমিক আলোচনা করেন।
হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাজ্যের এ বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় সুপারিশ দেয়ার জন্য বাংলাদেশে এসেছে। স্থানীয় চিকিৎসক দলের সাথে সমন্বয়ের মাধ্যমে তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, বিদেশী বিশেষজ্ঞদের আগমন খালেদা জিয়ার চিকিৎসায় নতুন অগ্রগতি সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।



