ড. হেলাল উদ্দিন

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জাতি জবাবদিহিতা মূলক সরকার পাবে

‘জামায়াত আমির ইতোমধ্যে জাতির সামনে ঘোষণা দিয়েছেন জনগণ জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিলে দলীয় কোনো এমপি-কোনো মন্ত্রী ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জাতি জবাবদিহিতা মূলক সরকার পাবে : ড. হেলাল উদ্দিন
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জাতি জবাবদিহিতা মূলক সরকার পাবে : ড. হেলাল উদ্দিন |নয়া দিগন্ত

‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জাতি জবাবদিহিতা মূলক সরকার পাবে’ উল্লেখ করে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘জামায়াত আমির ইতোমধ্যে জাতির সামনে ঘোষণা দিয়েছেন জনগণ জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিলে দলীয় কোনো এমপি-কোনো মন্ত্রী ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না।’

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা-৮ সংসদীয় এলাকার শাহবাগে গণসংযোগ পূর্বক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি ঢাকা-৮ সংসদীয় এলাকা থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করে এই এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

উপস্থিত জনসাধারণকে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘তিনি নির্বাচিত হলে ঢাকা-৮ সংসদীয় এলাকা মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত থাকবে। প্রতিটি মানুষ স্বাধীনভাবে নাগরিক সকল সুবিধা লাভ করবে।’

ড. হেলাল উদ্দিন আরো বলেন, ‘কোনো এমপি-কোনো মন্ত্রী সরকারি প্লট বা ফ্ল্যাট নেবে না, কোনো এমপি-কোনো মন্ত্রী নিজ হাতে রাষ্ট্রীয় টাকা চালাচালি করবে না। কোনো উন্নয়ন প্রকল্পের জন্য যেই বরাদ্দ দেয়া হবে কাজ শেষে বরাদ্দকৃত টাকার হিসাব জনগণের সামনে তুলে ধরবে। জনগণের হিসাব জনগণ বুঝিয়ে দেয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী জবাবদিহিতা মূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করবে।’

তিনি আরো বলেন, ‘কোনো রাষ্ট্রে জবাবদিহিতা মূলক সরকার থাকলে ওই রাষ্ট্রে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, জুলুম-নির্যাতন, বৈষম্য, অন্যায়-অবিচার চিরতরে বন্ধ হয়ে যায়। জবাবদিহিতা মূলক সরকার কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না। জামায়াতে ইসলামী বৈষ্যম্যহীন সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র জাতিকে উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ঢাকা-৮ আসনের জামায়াতের এই প্রার্থী বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করার ৫ দফা দাবি জামায়াতে ইসলামীর একক দাবি নয়, পুরো জাতি ৫ দফা দাবি বাস্তবায়ন চায়। ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণ মূলক নির্বাচন জাতিকে উপহার দেয়া সম্ভব। জাতি এমন একটি নির্বাচনের জন্য উম্মুখ হয়ে আছে। বিগত ১৭ বছর জাতি নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী লীগ কখনো দিনের ভোট রাতে করেছে, কখনো ১৫৪ আসনে বিনা ভোটে সরকার গঠনের নিশ্চয়তা নিয়েছে, কখনো আমি-ডামি নির্বাচন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। লীগের পতনের পর জাতি নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আশা করছে। অন্তর্বর্তী সরকার জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলে জাতি বিশ্বাস করে। ওই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় সমর্থন দিতে তিনি ঢাকা-৮ সংসদীয় এলাকার জনসাধারণের প্রতি আহ্বান জানান।

সভা শেষে ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে শাহবাগ থানা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ঢাকা-৮ সংসদীয় এলাকার শাহবাগে গণসংযোগ অভিযান পরিচালনা করেন। এসময় তারা বিভিন্ন মার্কেট ও দোকানের মালিক-কর্মচারি এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এর আগে, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ফুলবাড়িয়া ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা চাঁদাবাজি করে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ দিচ্ছে না তাদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে। চাঁদাবাজদের দল যদি কোনমতে ক্ষমতায় বসতে পারে তবে ফুটপাতের একজন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে শীর্ষ ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারবে না। ব্যবসার টাকা নিয়ে বাসা-বাড়িতে ফিরতে পারবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ফুটপাতের একজন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে শীর্ষ ব্যবসায়ী সবাই শান্তিতে ও নিরাপদে ব্যবসা করতে পারবে। এক পয়সাও কাউকে চাঁদা দিতে হবে না। তাই তিনি ব্যবসায়ীদের কাছে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন কামনা করেন।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানা কর্মপরিষদ সদস্য ও ফুলবাড়িয়া পূর্ব ওয়ার্ড সভাপতি মো: আলী হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীব, সেক্রেটারি মো: নুরন্নবী রায়হানসহ শাহবাগ পূর্ব থানা এবং ফুলবাড়িয়া পূর্ব ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।