তেলের দাম বৃদ্ধির বিকল্প উপায় বের করার আহ্বান চরমোনাই পীরের

‘বৈশ্বিক সমস্যা মোকাবেলায় তেলের দাম বৃদ্ধি করে সমস্যার বোঝা জনগণের ওপরে চাপানো একটি সহজ ও বহুল প্রচলিত পন্থা।’

নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম |ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাইর পীর) বলেছেন, ‘তেলের দামবৃদ্ধির সাথে নিত্যপণ্যের দাম, যোগাযোগ খরচসহ জীবনযাত্রার প্রতিটি কাজ জড়িত। তেলের দাম বৃদ্ধি হলে সকল কিছুর দাম বাড়ে। যার সরাসরি প্রভাব পরে নিম্ন ও মধ্যবিত্তের ওপরে; যাদের আয় সীমিত। এর মাধ্যমে জীবনযাত্রা আরো দুর্বিসহ হয়ে উঠবে।’

তিনি আরো বলেন, ‘বৈশ্বিক সমস্যা মোকাবেলায় তেলের দাম বৃদ্ধি করে সমস্যার বোঝা জনগণের ওপরে চাপানো একটি সহজ ও বহুল প্রচলিত পন্থা। আমরা সরকারের প্রতি আহ্বান করবো, বৈশ্বিক সমস্যার সমাধানে নিম্ন ও মধ্যবিত্তকে বলির পাঠা বানাবেন না বরং বিকল্প উপায় খুঁজে বের করার প্রতি মনোযোগী হন।’

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাইর পীর বলেন, ‘তেলের দাম লিটার প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথমত, লিটার প্রতি একসাথে ১৫-২০ টাকা বৃদ্ধি সকল ক্ষেত্রে অনেক বড় চাপ তৈরি করবে। দ্বিতীয়ত, একদল অসাধু ব্যবসায়ী এর অপব্যবহার করে আনুপাতিক হারে অনেক বেশি মূল্যবৃদ্ধি করে জনজীবনকে আরো কঠিন করে তুলবে। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে, সরকারের তদারকি ও দক্ষতার অভাবে অসৎ ব্যবসায়ীরা তাদের অপকর্মে সফলতাও পাবে। তাই সরকারকে বলবো, প্রশাসনের সকল শক্তি ব্যবহার করে প্রতিটি ক্ষেত্রে নজরদারি করুন। তদারকি করুন। কেউ যেন তেলের মূল্যবৃদ্ধির অসৎ ব্যবহার করতে না পারে।’