সেলিমা রহমান

কোনো পিআর পদ্ধতি চলবে না

যারা বিভিন্নভাবে আজকে স্বৈরাচারের দোসরদের সাহায্য করছে। তারা কারা? তারা এই ১৭ বছর কোথায় ছিল?

অনলাইন প্রতিবেদক
বক্তব্য রাখছেন সেলিমা রহমান
বক্তব্য রাখছেন সেলিমা রহমান |নয়া দিগন্ত

নির্বাচনে কোনো পিআর পদ্ধতি চলবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, জনগণ তার চাহিদা মতো, তার পছন্দ মতো ভোট দেবে। সেই ভোটই গ্রহণযোগ্য হবে।

শনিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, বর্তমানে একটা কঠিন অবস্থার মধ্যে আছি। দেখতে পাচ্ছেন? এখনো কিন্তু স্বৈরাচারের দোসরদের পদধ্বনি দেখতে পাচ্ছি। পদধ্বনি আওয়াজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দাবি-দাওয়া তুলে সমাজকে বিশৃঙ্খল করার চেষ্টা করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের কাছে একটাই দাবি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা এমন মন্তব্য করেন তিনি।

সেলিমা রহমান বলেন, যারা বিভিন্নভাবে আজকে স্বৈরাচারের দোসরদের সাহায্য করছে। তারা কারা? তারা এই ১৭ বছর কোথায় ছিল?

তিনি বলেন, আজকে কয়েকটি রাজনৈতিক দল আবার চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করার। আমাদের মনে হয়, স্বৈরাচার সরকারের মতো নির্বাচন বন্ধ করে, কিভাবে বাংলাদেশে মানুষের ওপর আধিপত্য রাখা যায় সেই চেষ্টা আবারো চলছে। কিন্তু বাংলাদেশের জনগণ এটা হতে দিবে না।

সেলিমা রহমান বলেন, নির্বাচন হবে, ইনশাআল্লাহ হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এখানে অনেক রকম বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করবে তরুণ প্রজন্ম, যারা সবসময় দেশকে রক্ষা করেছে।

সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।