আমির হামজার পরিবারের ওপর হামলায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জীবননগরে এমপি মুফতি আমির হামজার পরিবার ও স্বজনদের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো |সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবার ও আত্মীয়-স্বজনদের ওপর উশৃঙ্খল সন্ত্রাসীর বর্বরোচিত ও অনভিপ্রেত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেছেন, ‘পরিবারসহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে গত ১ জুন সোমবার আসরের নামাজের সময় হাসাদাহ বাজারে যেভাবে একজন সংসদ সদস্যের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও আইন-শৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ।’

আজ বুধবার (৩ জুন) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উল্লেখ করেন, ‘এই হামলায় দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি ও এমপির শালা আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন। এমনকি নারী সদস্যদের সাথেও চরম অশোভন আচরণ ও গালমন্দ করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না।’

তিনি বলেন, ‘প্রকাশ্যে দিবালোকে উক্ত এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমনসহ চিহ্নিত ব্যক্তিরা এই হামলা চালিয়ে সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে। একজন জনপ্রতিনিধির পরিবারই যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায় গিয়ে ঠেকেছে, তা সহজেই অনুমেয়।’

এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, ‘অবিলম্বে এই হামলার সাথে জড়িত মূল হোতা মোস্তাক, শাহরিয়ার ও রিমনসহ সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি জোর দাবি জানাচ্ছি। একইসাথে আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’