ডাকসু নির্বাচন

আমরা কোথাও মিছিল করব না : শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএসসহ বেশিভাগ পদে শিবির-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঘোষণা দিয়েছেন, বিজয়ের পরও কোথাও মিছিল হবে না, শুধু সিজদায় আল্লাহর শুকরিয়া আদায় করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম |সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন খান জয়ী হয়েছেন। এই নির্বাচনে ছাত্র সংসদ ও হল সংসদের অন্যান্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বেশিভাগ জয়ী হয়েছেন।

এমন পরিস্থিতিতে নিজেদের প্রার্থীরা বিজয়ী হলেও সারাদেশে কোথাও মিছিল করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে জাহিদুল ইসলাম লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারাদেশের কোথাও কোনো মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো।’

তিনি বলেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।’

ভিপি পদে সাদিক কায়েম সর্বোচ্চ ভোট পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মো: মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট।

সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও সারারাত ধরে ভোটগণনা চলে। রাতেই বিভিন্ন হল থেকে ভোটের ফলাফল আসতে শুরু করে।

তবে আনুষ্ঠানিকভাবে সকাল সোয়া ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।