বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদ শুধুমাত্র কাগজে নয়, আইনি ভিত্তিতে রূপ দিয়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নতুবা ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী রাষ্ট্র কাঠামোর জাতীয় রূপ রেখার মতো জুলাই সনদও শুধু এক টুকরো কাগজ হিসেবেই পড়ে থাকবে।
রোববার (৩ আগস্ট) দুপুরে ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশন আয়োজিত ‘জুলাই শহীদদের স্মরণে’ বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, গত বছরের ৩ আগস্ট ছিল বাংলাদেশের জাতীয় জীবনে এক কালো অধ্যায়। এদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীদের পাশাপাশি রাষ্ট্রীয় বাহিনী গণহত্যা চালিয়ে রাজপথ রক্তেরঞ্জিত করে। রাজধানীর অলিতে-গলিতে লাশের সারি, রক্তের গন্ধ, বুলেটের আওয়াজ, অস্ত্রের মহড়া। এতোকিছুর পরও ছাত্র-জনতা রাজপথ ছাড়েনি। জীবনের মায়া বিসর্জন দিয়ে দেশপ্রেম ধারণ করে দেশ থেকে আধিপাত্যবাদের দোসর ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। ছাত্র-জনতার ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায়। পরবর্তীকালে রাষ্ট্রের সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। বিপ্লবী সরকার থেকে বিপ্লবের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করতেও দীর্ঘ এক বছর লেগে গেছে। কারণ, সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসর স্তরে স্তরে বসে আছে। সরকার চলতি বছরের ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের কাছে ছাত্র-জনতার দাবি- এই জুলাই ঘোষণাপত্রের অবশ্যই আইনি ভিত্তিতে রূপ দিতে হবে এবং বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি জুলাই শহীদদের স্মরণে এমন মহৎ উদ্যোগের জন্য ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির একটি সমাজ সেবা ও সমাজ সংস্কার। যেকোনো সামাজিক সংগঠন সমাজসেবা কর্মসূচির উদ্যোগ নিলে জামায়াতে ইসলামী সহযোগিতা ও সমর্থন জানাবে।
তিনি জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি তুলে ধরে বলেন, জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসেনি। কিন্তু জামায়াতে ইসলামী শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, খাদ্য, বস্ত্রসহ মানুষের যেকোনো প্রয়োজনে সবার আগে, সবসময় পাশে দাঁড়িয়েছে, আগামীতেও দাঁড়াবে।
এ সময় তিনি বলেন, জনগণ যদি আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তাহলে জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।
ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম মসজিদের মুসল্লি কমিটির সহসভাপতি সমাজ সেবক শাহীন আহমেদ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম সাংগঠনিক ওয়ার্ড সভাপতি এনামুল হক শামীম, সহসভাপতি হাফেজ বেলাল, মানবাধিকারকর্মী আব্দুর রহমান প্রমুখ।
এদিকে ‘বাংলাদেশ সেক্রেটারিয়েড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ আয়োজিত '‘গণতন্ত্র উত্তরণে মহাজাগরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রের কবর দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলন সংগ্রাম চালিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে জামায়াতে ইসলামী বরাবরই আপসহীন ছিল। কিন্তু ছাত্র-জনতার নেতৃত্বে ফ্যাসিবাদের পতনের পর আমাদের আন্দোলন সংগ্রামের সহযাত্রী বিভিন্ন রাজনৈতিক দল বিভেদ আর বিভাজনের সংস্কৃতিতে জড়িয়ে পড়েছে।
কাঁদা ছোড়াছুড়ির রাজনীতি কোনো দেশ ও জাতির জন্য কল্যাণকর নয় উল্লেখ করে তিনি ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, নতুবা বিভেদ ও বিভাজনের সুযোগে ফ্যাসিবাদ আওয়ামী লীগ আবারো পুনর্বাসনের সুযোগ পাবে। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ বন্ধ করতে হলে অবশ্যই ঐক্যের বিকল্প নাই।
বাংলাদেশ সেক্রেটারিয়েড জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজের সভাপতিত্বে এবং সেক্রেটারি নিজাম উদ্দিন দরবেশের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।



