দেশে জ্বালানি সঙ্কটের জন্য সিন্ডিকেটই মূল কারণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান। একই সাথে তিনি এ সিন্ডিকেটের জন্য দায়ী করেছেন সরকারি দলকে।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সঙ্কটের প্রভাব : উত্তরণের উপায়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ (এএফবি)।
ডা: শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও কৃষকরা আজ অবহেলিত। দেশে তেলের অভাব নেই, কিন্তু তেল সিন্ডিকেটের কবলে। বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে ২.৫ থেকে ৩ গুণ বেশি দামে তেল কিনতে হচ্ছে। এই বড় বড় সিন্ডিকেটের পেছনে সরাসরি সরকারি দলের মদদ রয়েছে।’
তিনি আরো বলেন, ‘দেশের মোট জ্বালানির ১৮ শতাংশ কৃষিতে ব্যবহৃত হয়। অথচ নীতি নির্ধারকরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা হলো গবেষণা, কিন্তু সেখানেও আজ গোঁজামিল দিয়ে কাজ চালানো হচ্ছে। যোগ্য মানুষকে সঠিক জায়গায় না বসালে এই সঙ্কট থেকে মুক্তি সম্ভব নয়।’
তিনি দেশের ‘ভাগ্য পরিবর্তনে’ কৃষি নির্ভর অর্থনীতিকে শক্তিশালী করা, ইলেকট্রো-মেকানিক্যাল খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরিতে জোর দেয়ার আহ্বান জানান।
সেমিনারে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি জনগণের স্বার্থে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে, তবে সাধারণ মানুষ সহযোগিতা করবে। কিন্তু দুর্নীতি ও সিন্ডিকেটের মাধ্যমে কৃষিকে ধ্বংস করা হলে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।
তারা অবিলম্বে কৃষি খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং বাজার থেকে সিন্ডিকেট নির্মূল করার দাবি জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও গবেষক কৃষিবিদ ড. মো: মিজানুর রহমান।
তিনি বলেন, ‘দেশে জ্বালানি আমদানিতে এক শ্রেণির মানুষের বাণিজ্যিক মুনাফা বেশি, তাই স্থানীয়ভাবে উৎপাদন বা সক্ষমতা বৃদ্ধিতে অনীহা দেখা যায়। মাত্র একটি রিফাইনারি দিয়ে দেশ চলছে। অথচ কৃষি খাতে প্রতিদিন ১০-২০ হাজার লিটার জ্বালানির চাহিদা রয়েছে। সঠিক ব্যবস্থাপনার অভাবে কৃষকরা সময়মতো জ্বালানি পাচ্ছে না, যার প্রভাব সরাসরি বোরো আবাদে পড়ছে।’
সেমিনারে সভাপতিত্ব করেন এএফবি সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ টি এম মাহবুব ই ইলাহী (তাওহীদ)।
অনুষ্ঠান সঞ্চালনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ।



