জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অপরাজনীতি ত্যাগ করে জনগণের রাজনীতিতে ফিরে আসার সকল সুযোগ আওয়ামী লীগ যুগে যুগে নিজ হাতে হত্যা করেছে। জুলাই-আগস্ট গণহত্যার দলটির কোনো নেতার মধ্যে অপরাধবোধ কিংবা অনুশোচনা দেখা যায় নাই। বরং তারা তাদের পলাতক নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দিল্লির ষড়যন্ত্র নীল-নকশার মাধ্যমে আবারো ফেরত আনতে চায়।
তিনি বলেন, ‘বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপরে বর্বর হামলার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে, এদেশের মাটিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার তাদের নাই। কথা পরিষ্কার, নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ১৭তম দিন নরসিংদী জেলখানা মোড়, প্রেসক্লাব, ডিসি রোড, সরকারি কলেজ এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, ‘আওয়ামী লীগ এবং নৌকাকে ফিরিয়ে আনার জন্য হিন্দুস্তান ষড়যন্ত্র করছে। অবৈধ পুশইনের মাধ্যমে ভারতীয় সন্ত্রাসীরা দেশে প্রবেশ করছে। দেশকে অস্থিতিশীল করে তারা শেখ হাসিনার পুনর্বাসন করতে চায়। শেখ মুজিবের পরে দুর্ভাগ্যজনকভাবে শেখ হাসিনার পুনর্বাসন হয়েছিল। একই ভুল আর করা যাবে না। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। শেখ হাসিনা, শেখ পরিবার অথবা আওয়ামী লীগের নৌকা প্রতীকের পুনর্বাসন চলবে না, চলতে দেয়া হবে না। ইনশাআল্লাহ।’
‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।’
পথসভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভার্চুয়ালি যোগ দেন যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলার সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, নরসিংদী জেলা জাগপার সমন্বয়ক মো: মাহবুব আলম, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, রায়পুরা উপজেলার সভাপতি বোরহান আহমেদ, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ, জেলা যুব জাগপার সভাপতি ইউসূফ হাসান প্রমুখ।



