রামপুরায় জামায়াতের ইফতার মাহফিলে সেলিম উদ্দিন

যাকাত ও কর্জে হাসানাভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে

সুদভিত্তিক অর্থনীতি শোষণের হাতিয়ার। সুশাসন, অর্থনীতির সুষম বণ্টন ও ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যাকাত ও কর্জে হাসানাভিত্তিক অর্থনীতির বিকল্প নেই।

নয়া দিগন্ত অনলাইন
জাময়াতে ইসলামী রামপুরা থানা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন
জাময়াতে ইসলামী রামপুরা থানা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন |সংগৃহীত

পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি, মাগফিরাত ও নাজাতের মাস। এ মোবারক মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভের প্রচেষ্টা চালাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরার একটি স্থানীয় রেস্তোরাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রামপুরা থানা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমির ফজলে আহমেদ ফজলুর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির শাহাবুদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য তসলিম আলম, এস এম মনির ও জহির উদ্দিন স্বাধীনসহ অন্যান্যরা।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মাহে রমজান এমন এক মহিমান্বিত মাস, যে মাসে বিশ্বমানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। তিনি সূরা আল-বাকারাহর ১৮৫ নম্বর আয়াত ও সহিহ আল-বুখারির ১৯০৪ নম্বর হাদিস উদ্ধৃত করে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলনের আহ্বান জানান।

তিনি বলেন, সুদভিত্তিক অর্থনীতি শোষণের হাতিয়ার। সুশাসন, অর্থনীতির সুষম বণ্টন ও ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যাকাত ও কর্জে হাসানাভিত্তিক অর্থনীতির বিকল্প নেই। জাকাত ইসলামী রাষ্ট্রের জাতীয় আয়ের অন্যতম উৎস এবং বায়তুল মালের মাধ্যমে রাষ্ট্রের অভাবী, গরিব, মিসকিন, এতিম, বিধবা ও অনগ্রসর মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

তিনি যাকাত ও কর্জে হাসানাভিত্তিক অর্থনৈতিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।