‘গোপালগঞ্জকে আবু সাঈদ গঞ্জ বানাতে হবে’

‘আগস্ট মাসের ৬ তারিখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।’

অনলাইন প্রতিবেদক
পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে রাশেদ প্রধান
পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে রাশেদ প্রধান |নয়া দিগন্ত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দিল্লির আশ্বাসে ফ্যাসিবাদী আওয়ামী শক্তি এখনো আস্ফালন করে। পুলিশের ওপরে হামলা করেছে। এই দেশ এখন হাসিনার নয়, এই দেশ এখন মুগ্ধ, ওয়াসিম, আবু সাঈদের। দেশবাসী প্রস্তুতি নেন, গোপালকে দিল্লি পাঠিয়ে, গোপালগঞ্জকে আবু সাঈদ গঞ্জ বানাতে হবে।

বুধবার (১৬ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ১৬তম দিন রংপুর পায়রা চত্বরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জাগপা নেতারা প্রথম শাহাদতবার্ষিকী উপলক্ষে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন।

রাশেদ প্রধান বলেন, ‘গোপালগঞ্জে দফায় দফায় সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ পুলিশ, ইউএনও, এনসিপির নেতাকর্মীদের ওপরে হামলা আবারো প্রমাণ করেছে, আওয়ামী লীগের অপরাজনীতি ছিল দেশের মানুষের বিরুদ্ধে। শহীদ আবু সাঈদের প্রথম শাহাদতবার্ষিকীতে আমাদের শপথ গ্রহণ করতে হবে। খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং হিন্দুস্তানের আধিপত্যবাদ রুখে দেয়ার আগে পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে চলবে।’

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।’

পথসভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, শামীম আকতার পাইলট, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রুপম, রংপুর জেলা সমন্বয়ক সালাহউদ্দিন আহমেদ লিটন, গাইবান্ধা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা সভাপতি মো: জামাল উদ্দিন, নীলফামারী জেলা সাংঠনিক সম্পাদক শাহাবুর রহমান সাবু প্রমুখ।