ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন ভোট দেয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন। কোথাও কারচুপি হতে দেয়া যাবে না। ফলাফল গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ ভোট ডাকাতি করে নিয়ে যেতে না পারে।
আজ বুধবার রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগকালে আবদুস সালাম এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা।’
তিনি আরো বলেন, ‘একসময় এই দেশের নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার অবর্তমানে ছিলেন বেগম খালেদা জিয়া। আর এখন দেশের মানুষ যাকে গ্রহণ করেছে, তিনি তারেক রহমান।’
আবদুস সালাম বলেন, ইনশা আল্লাহ, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশকে বাঁচাতে হলে এবং দেশকে রক্ষা করতে হলে তারেক রহমানের কোনো বিকল্প নেই।
আগামী ১২ তারিখ জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠিত হলে দেশ স্থিতিশীল হবে উল্লেখ করে আবদুস সালাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারই দেশকে সামনে এগিয়ে নিতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, তাবিথ আউয়ালসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী।



