খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

নয়া দিগন্ত অনলাইন
বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া |ইন্টারনেট

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

আজ শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এছাড়া গতকাল শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

গত রোববার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।