বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ১৬ সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে পল্টনস্থ মজলিস মিলনায়তনে আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা থেকে ওই ঘোষণা দেয়া হয়।
বৈঠক আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, জনগণ ইসলাম ও দেশপ্রেমিক শক্তির ঐক্য চায়। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো আসনভিত্তিক সমঝোতার দিকে এগুচ্ছে। জনগণ এর সুফল পাবে। তাই সৎ ও যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে এখন থেকে সক্রিয় হতে হবে। কর্তৃত্ব নয়, সেবাপরায়ণতাই হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের অন্যতম গুণাবলী।
তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পূরণে এই আদর্শবাদীদের এগিয়ে আসতে হবে। আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সংশ্লিষ্ট আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সম্ভাব্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: মিজানুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় বৃহত্তর কুমিল্লা অঞ্চলের সংসদীয় আসন সমূহের সম্ভাব্য প্রার্থীরা স্ব স্ব এলাকার সাংগঠনিক অবস্থা ও তৎপরতার রিপোর্ট পেশ করেন।
সভায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার ১৬টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীগণ হলেন,
ব্রাহ্মণবাড়িয়া জেলা
ব্রাহ্মণবাড়িয়া-১ : এস এম শহীদুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়া-২ : আবুল ফাতাহ মুহাম্মদ মাসুক (ভুট্টু)
ব্রাহ্মণবাড়িয়া-৩ : হাফেজ এমদাদুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়া-৫ : মাওলানা মুহাম্মদ আলী
ব্রাহ্মণবাড়িয়া-৬ : শায়খুল হাদীস মাওলানা আবদুস সামাদ
কুমিল্লা জেলা
কুমিল্লা-১ : মাওলানা সৈয়দ আবদুল কাদের জামাল
কুমিল্লা-৪ : মাওলানা মজিবুর রহমান ফরাজী
কুমিল্লা-৫ : মাওলানা জহিরুল ইসলাম সেলিম
কুমিল্লা-৬ : মাওলানা ফয়জুর রহমান মাসউদ
কুমিল্লা-৭ : মাওলানা সোলাইমান খান
কুমিল্লা-৮ : ডা: যোবায়ের হোসেন মিয়াজী
কুমিল্লা-৯ : মুফতি আবদুল হক আমিনী
কুমিল্লা-১০ : মাওলানা নূরুল আমিন ভূঁইয়া
কুমিল্লা-১১ : মাওলানা মুজাফ্ফর আহমদ জাফরী
চাঁদপুর জেলা
চাঁদপুর-১ : কাজী আসাদ উল্লাহ
চাঁদপুর-৩ : মাওলানা তোফায়েল আহমদ
প্রেস বিজ্ঞপ্তি



