জামায়াত প্রতিহিংসা নয়, গণমানুষের কল্যাণের রাজনীতি করে : ড. হেলাল উদ্দিন

ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াত প্রতিহিংসা নয়- গণমানুষের কল্যাণের রাজনীতি করে এবং ক্ষমতায় গেলে সবার মৌলিক অধিকার নিশ্চিত করবে।

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব স্বার্থে কিংবা প্রতিহিংসার রাজনীতি করে না, তারা গণমানুষের কল্যাণের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, ‘স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি। মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার বিধান থাকলেও বিগত সময়ে যারা ক্ষমতায় বসেছে তারা কেউ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেনি।’

তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘অতীতে যারা এবং যাদের দল ক্ষমতায় ছিল তারা এবার ভোট চাইতে গেলে আগে জিজ্ঞেস করবেন ক্ষমতায় থাকাকালীন আমাদের জন্য, দেশের জন্য কী করছেন?।’

এই প্রশ্নের জবাব ছাড়া ভোট না দিতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় বসেনি। কিন্তু জনগণের যেকোনো প্রয়োজনে সবার আগে, সবখানে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং থাকবে।’

তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে সবার আগে মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।’

রাষ্ট্রের কাছ থেকে নিজের মৌলিক অধিকার বুঝে নিতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিতে তিনি স্থানীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘যারা প্রতিহিংসার রাজনীতি করে তারাই প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণা হামলায় চালায়, বাঁধা সৃষ্টি করে।’

পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর প্রচারণায় গুলি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় জামায়াতের প্রার্থীর প্রচারণায় প্রতিপক্ষ গুলি চালাচ্ছে।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জামায়াতে ইসলামী বার-বার দাবি জানিয়েছে, প্রশাসনকে দলীয়মুক্ত করতে হবে। প্রশাসনে দলীয়করণের ফলে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না।’

মতিঝিল পূর্ব থানা আমির মো: নুরুদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমলাপুর শেরে-বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৫ শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। সেবাগ্রহিতা প্রত্যেককে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

এর আগে মতিঝিল উত্তর থানা আয়োজিত ড. হেলাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট মতিঝিল টিএনটি কলোনি মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

মতিঝিল উত্তর থানা আমির এস এম শামসুল বারীর সভাপতিত্বে এবং থানা যুব বিভাগের সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য হাফিজুল্লাহ খান, আলমগীর হোসেন আকাশ, হুমায়ন কবীর। এছাড়াও সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি