বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে যুবদলের নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় নির্দেশনা

নির্দেশনায় স্থানীয় বিএনপির সাথে সমন্বয় করে বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, ওষুধ, স্যালাইন ও স্যানিটেশন সামগ্রী সংগ্রহ ও বিতরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অনলাইন প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল |সংগৃহীত

দেশের বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

শুক্রবার (১০ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় স্থানীয় বিএনপির সাথে সমন্বয় করে বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, ওষুধ, স্যালাইন ও স্যানিটেশন সামগ্রী সংগ্রহ ও বিতরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এতে আরো বলা হয়, শিশু, নারী, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সহায়তা দিতে হবে। প্রয়োজন হলে কেন্দ্রীয়ভাবে গঠিত মেডিক্যাল টিমের সদস্যদের পরামর্শ নেয়া এবং বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

বন্যাকবলিত এলাকায় পরিচ্ছন্নতা, নিরাপদ পানির ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় নেতাকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্গত মানুষের মর্যাদা রক্ষার বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া পরিচালিত কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন, ছবি ও তথ্য যথাসময়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে পাঠাতে বলা হয়েছে।

জেলা, মহানগর ও অধীনস্থ ইউনিটের নেতাকর্মীদের দলমত নির্বিশেষে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।