বিশৃঙ্খলা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি আমিনুল হকের

কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তা কঠোরভাবে দমন করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক
ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক |বাসস

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে কোনো প্রকার উস্কানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

আজ বৃহস্পতিবার প্রচারণার ১৫তম দিনে পল্লবী ‘ধ’ ব্লকের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তা কঠোরভাবে দমন করা হবে।’

তিনি দলীয় নেতা-কর্মীদের কোনো ধরনের উস্কানিতে পা না দেয়ার কঠোর নির্দেশ দিয়ে জানান, আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় পাওয়ার লক্ষ্যেই তারা মাঠে কাজ করছেন।

আজ সকাল থেকেই আমিনুল হক যখন পল্লবীর বিভিন্ন এলাকায় প্রচারণায় নামেন, তখন সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেক জায়গায় স্থানীয় বাসিন্দারা তাদের বাসা থেকে বেরিয়ে এসে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সাধারণ মানুষ তাদের এলাকার দীর্ঘদিনের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।

আমিনুল হক সবার কথা শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সেসব সমস্যা সমাধানের জোরালো আশ্বাস দেন।

গণসংযোগের সময় আমিনুল হক তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন। এ সময় তার সাথে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস