সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশীদের হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠতে পারে না।
শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘১৩ মে লালমনিরহাটের আমঝোল সীমান্তে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশী যুবক বিএসএফের গুলিতে নিহত হন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও সীমান্তে এমন হত্যাকাণ্ড ঘটেছে।’
তিনি আরো বলেন, ‘এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ আমি আগেও করেছি, লিখেছি, বলেছি। সরকারে থাকার সময়ও আমরা এসব হত্যার শক্ত প্রতিবাদ করতাম, কৈফিয়ত তলব করতাম এবং সীমান্তে কঠোর অবস্থান নিতাম।’
তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘সত্যি সত্যি কেউ অবৈধভাবে সীমান্ত পার হতে চাইলে তাকে গ্রেফতার করা যায়, প্রয়োজনে ফাঁকা গুলি করে সতর্ক করা যায়। কিন্তু আমরা কোনো গ্রেফতারের ঘটনা শুনি না, ফাঁকা গুলির কথাও শুনি না। শুনি শুধু গুলিতে সরাসরি হত্যার ঘটনা। এটি কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নয়।’
বিএনপি সরকারকে এসব হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ‘সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না।’



