ডা: এসএম খালিদুজ্জামান

নির্বাচিত হলে ঢাকা-১৭ আসনকে স্বাস্থ্য সেক্টরের মডেল হিসেবে উপস্থাপন করব

‘বিশেষ করে এ এলাকায় স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গঠন করা হবে। নিরাপদ পানির ব্যবস্থা করা হবে। প্রাথমিক চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গঠন করা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য রাখছেন ডা: এসএম খালিদুজ্জামান
বক্তব্য রাখছেন ডা: এসএম খালিদুজ্জামান |নয়া দিগন্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে ঢাকা-১৭ আসনকে স্বাস্থ্য সেক্টরের মডেল হিসেবে উপস্থাপন করব বলে মন্তব্য করেছেন এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা: এসএম খালিদুজ্জামান।

রোববার ঢাকা-১৭ আসনের ৭ তলা বস্তির স্বল্পোন্নত ৫০০ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি ও মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ঢাকা-১৭ আসনের ভেতর মহাখালী এলাকাকে বলা হয় হেল্থ ভিলেজ। কিন্তু এ অঞ্চলের মানুষ স্বাস্থ্য খাতে সব থেকে বেশি অবহেলিত। ঢাকা-১৭ আসনের কড়াইল, ৭ তলা ও ভাষানটেক বস্তি এলাকার মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। এ এলাকার মানুষকে নিয়ে বিগত কোনো সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেনি। সকল রাজনৈতিক দল এ এলাকার মানুষকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু এ এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। জামায়াত যদি আগামীতে এ আসনে নির্বাচিত হয়, তাহলে এ এলাকার মানুষের মৌলিক অধিকার (খাদ্য,বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান) নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বিশেষ করে এ এলাকায় স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গঠন করা হবে। নিরাপদ পানির ব্যবস্থা করা হবে। প্রাথমিক চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গঠন করা হবে।

তিনি আরো বলেন, জামায়াত এ দেশের মানুষের জন্য রাজনীতি করে। আগামী দিনে জামায়াত সরকার গঠন করলে দেশের মানুষকে সাথে নিয়ে এ দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে ইনশাআল্লাহ।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি ও মশারি বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষানটেক থানা আমির ডা: আহসান হাবীব, ঢাকা-১৭ আসনের নির্বাচন সমন্বয়ক ডা: শফিকুল ইসলাম জুয়েল। সভাপতিত্ব করেন বনানী থানা আমির, ঢাকা-১৭ আসন নির্বাচন সদস্য সচিব ও ২০নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মিজানুর রহমান খান, সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মাওলানা আব্দুর রাফি।