ড. রেজাউল করিম

সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না

‘শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্যই আগস্ট বিপ্লব হয়নি বরং রাষ্ট্রের সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠায় ছিল আগস্ট বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্য।’

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদপুরে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ
মোহাম্মদপুরে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ |নয়া দিগন্ত

‘সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না’ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশ ও জাতি এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্র মেরামত ও একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু পতিত স্বৈরাচারের প্রতিভূরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য নানাবিধ অপতৎরতা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ‘সরকারকে তারা (পতিত স্বৈরাচারের প্রতিভূরা) রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে নানাবিধ বাধা-প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু সংশ্লিষ্টদের মনে রাখা উচিত যে, শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্যই আগস্ট বিপ্লব হয়নি বরং রাষ্ট্রের সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠায় ছিল আগস্ট বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্য। তাই নির্বাচনের আগের রাষ্ট্রীয় অবকাঠামোর কাঙ্ক্ষিত সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার দরকার। অন্যথায় দেশে কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না।’

শনিবার (১৪ জুন) রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমিকদের মাঝে সুপেয় পানি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ড. মুহাম্মদ রেজাউল করিম সারাদেশের মতো রাজধানীতেও তীব্র দাবদাহে সৃষ্ট জনদুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের আত্মসচেতন ও বিত্তবানদের আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানান।

ড. রেজাউল করিম বলেন, ‘জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত সব সময়ই অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। সর্বোপরি দেশের যেকোনো ক্রান্তিকালে সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। খরা, বন্যা, ঘুর্ণিঝড়সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগেও আমরা সাধারণ মানুষের সাথে একাত্ম থেকেছি। জামায়াতের সে কল্যাণকামীতার ধারাবাহিকতায় আজ আমরা তৃষ্ণার্ত সাধারণ মানুষ ও শ্রমিকদের জন্য সুপেয় পানি বিতরণ করছি। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করব।’

তিনি তীব্র খরায় বিপর্যন্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি সাধ্যমত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

এতে থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আনিসুর রহমানসহ থানা এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ভাষানটেকে ঈদ পুনর্মিলনী ও ইউনিট সভাপতি সমাবেশ

ভাষানটেক থানা জামায়াতের উদ্যোগে থানা দায়িত্বশীল এবং ইউনিট সভাপতিদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য প্রার্থী ডা: এস এম খালিদুজ্জামান ও ঢাকা-১৭ আসন পরিচালক হেদায়েতুল্লাহ।

মহানগরী মজলিসে শূরা সদস্য ও ভাষানটেক থানা আমির ডা: আহসান হাবীবের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইকবাল হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে থানা নায়েবে আমির আব্দুর রহিম, থানা শূরা-কর্মপরিষদ সদস্য সেলিম রেজা, আলী হোসাইন, মাওলানা মাহতাব হোসাইন, নুরুল ইসলামসহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ড সভাপতি, ইউনিট সভাপতিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি