হামের প্রাদুর্ভাব নিয়ে নিজের নীরব ভূমিকা পালনের অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা।
তিনি দাবি করেছেন, দুটি রাজনৈতিক দলের কর্মীরা সংঘবদ্ধভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
শুক্রবার (১৫ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘দুটি দলের কর্মীরা প্রচার করছে যে হামের প্রাদুর্ভাব নিয়ে আমি কিছু বলিনি বা করিনি।
তারা দাবি করছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছের মানুষ ছিলাম এবং স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ আছি।’
ডা. জারা জানান, ভিন্ন প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে তিনি বহু আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন।
তার ভাষ্য, ‘২০২৪ সালে আমি প্রশ্ন তুলেছিলাম তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ধীরগতি ও অবহেলার বিষয়ে।’
তিনি আরো বলেন, ‘এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সভা-সেমিনারে হামের প্রাদুর্ভাব নিয়ে আলোচনা করেছেন এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত দিয়েছেন। এ সংক্রান্ত ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে পাওয়া যায়।
তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি লিখেছেন, ‘হামের প্রাদুর্ভাবের পেছনে দায় কার, তা খুঁজে বের করতে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করা জরুরি। আমি এই দাবি জানিয়েছি প্রায় এক মাস আগে, ১৯ এপ্রিল।’
ডা. জারা আরো উল্লেখ করেন, ‘একটি গণস্বাস্থ্য সঙ্কটকে রাজনৈতিক হাতিয়ার বানানোর চেষ্টা দুর্ভাগ্যজনক। শিশুরা অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে- এই সময়ে দলীয় কর্মীদের কাজ হওয়া উচিত ছিল সমাধানে অংশ নেয়া। কিন্তু তারা বরাবরের মতোই মিথ্যা প্রচারকে বেছে নিয়েছে।‘



