বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন পাকিস্তান, ভারত, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়সহ একাধিক সূত্রে এসব তথ্য জানা যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুঙ্গেল এবং মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চ শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নবিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন। তাদের আগমন উপলক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে, ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।



