আজ ঢাকার ৮ স্থানে পথসভা করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষদিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকা মহানগরের ৮টি স্থানে পথসভা করবেন। এই পথসভার মধ্য দিয়েই রাজধানীতে তার দু’দিনের নির্বাচনী প্রচারণা কর্মসূচি শেষ হচ্ছে।

অনলাইন প্রতিবেদক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার শেষ দিন আজ সোমবার (৯ ফেব্রুয়ারি)। আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচনী প্রচারণার বন্ধ হয়ে যাবে।

ঢাকা মহানগরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দু’দিনের পথসভার আজ শেষদিন। আজ মহানগরের আটটি জায়গায় পথসভা করবেন তিনি।

আজ তারেক রহমান ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠ, ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা-৮ পীর জঙ্গী মাজার রোড, ঢাকা-৯ বাসাবো তরুণ সংঘ মাঠ, ঢাকা-৫ যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ঢাকা-৪ জুরাইন-দয়াগঞ্জ রোড, ঢাকা-৬ ধুপখোলা মাঠ, ঢাকা-৭ লালবাগ বালুর মাঠ (সাবেক আজাদ মাঠ) পথসভা করার মধ্যে দিয়ে তারেক রহমান নির্বাচনী প্রচারণা শেষ করবেন।

গতকাল রোববার সাতটি জায়গায় পথসভা করেছেন তিনি।

সিলেট হযরত শাহজালাল রহ.-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দেশব্যাপী জনসভা ও পথসভার কর্মসূচি শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত ২১ জানুয়ারি রাতে সিলেটে মাজার জিয়ারতের পরপরই তিনি এই কর্মসূচির সূচনা করেন।

এরপর ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন বিভাগ ও আশপাশের জেলায় জনসভা ও পথসভা করেন বিএনপির এই শীর্ষ নেতা। কর্মসূচির অংশ হিসেবে সর্বশেষ দু’দিনের পথসভা অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকায়।