বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের বসুন্ধরা বাসায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার সন্ধ্যায় ৭টা ১০ মিনিটে জামায়াতের আমিরের বাসায় প্রবেশ করেন তারেক রহমান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমিরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। জামায়াতে পক্ষে ছিলেন দলটির নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।
এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বেইলি রোড সার্কিট হাউজের পার্শ্ববর্তী একটি বাসায় যাবেন তারেক রহমান।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধান প্রতিদ্বন্দ্বী জোটের দুই নেতার সাথে সাক্ষাৎ করছেন দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাওয়া তারেক রহমান।



