যারা রাজনীতিতে একেবারে এতিম তারা পিআর পদ্ধতি বা আনুপাতিক নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এটা আরেকটা স্বৈরতন্ত্র তৈরি করার একটা প্রচেষ্টা।’
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে ‘আমার দেশ আমার মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্মসূচির আয়োজন করে।
রিজভী বলেন, ‘যারা রাজনীতিতে একেবারে এতিম তারা পিআর পদ্ধতি চায়। তাহলে আপনাদের প্রতিনিধিত্ব করবে কে, আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করবে? এলাকায় রাত-দিন কাজ করছে, যে লোক আপনাদের সুখে-দুঃখে বিভিন্ন সময়ে কাছাকাছি, পাশাপাশি থাকে। আপনারা তাকেই তো প্রতিনিধি বানাতে চাইবেন। কিন্তু পিআর পদ্ধতিতে সেটা হবে না, দল ঠিক করে দিবে কে প্রতিনিধি। এটা তো আরেকটা স্বৈরতন্ত্র তৈরি করার একটা প্রচেষ্টা। আবার ৫০ শতাংশের কম ভোট কাস্ট হলে আবার নির্বাচন দিতে হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা তো মজা পেয়েছিল একতরফা নির্বাচন করে। বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে জেলে ঢুকিয়ে বন্দী করে। ১৬-১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি। বিরোধী দল নির্বাচন করতে পারে তখনই সেটা নিষ্ঠুরভাবে দমন করেছেন শেখ হাসিনা।’
প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘১৬ বছরে এবং জুলাইয়ের এতগুলো আত্মদান, তাদের বিনিময়ে বাংলাদেশের জনগণ কি গণতন্ত্রহীন, নির্বাচনহীন, পার্লামেন্টহীন, জবাবদিহিতাহীন থাকবে? জনগণ কি সরকার গঠনের ক্ষমতা কি প্রাপ্ত হবে না? শুধু সংস্কার, শুধু পিআর এই সমস্ত কথা বলে আপনারা বিভ্রান্ত করবেন না।’
‘পিআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষের কোনো ধারণাই নেই, অথচ এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে,’ বলেন তিনি।



