জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে আগামী ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল। ২ মের পরে ঢাকায় মহাসমাবেশ করা হবে বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মগবাজার আল ফালাহ মিলনায়তনে ১১ দল আয়োজিত চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি শীর্ষক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া, আইনের রূপান্তর করে সংবিধানে অন্তর্ভুক্ত করা, সংবিধান সংস্কার কমিশনের অধিবেশন ডাকা, জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই।
কর্মসূচি ঘোষণা করে গোলাম পারওয়ার বলেন, আগামী ১৮ এপ্রিল ১১ দলীয় ঐক্যের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল ঢাকা ব্যতিরেকে প্রতিটি বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপে ২ মে দেশের প্রতিটি জেলা শহরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত মধ্যবর্তী দিনগুলোতে প্রতিটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে সেমিনার ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। মূলত গণভোটের রায় বাস্তবায়ন, দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ এবং নতুন নৈরাজ্য থেকে বাঁচার লক্ষ্যে জনসচেতনতা তৈরিই এই সেমিনারগুলোর উদ্দেশ্য।
তিনি বলেন, ২ মের পর থেকে দেশের ১২টি সিটি করপোরেশন ও বিভাগীয় শহরগুলোতে জেলা ও বিভাগীয় ১১ দলীয় ঐক্যের সমন্বয়ে বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ২ মের পর লিয়াজোঁ কমিটি আলোচনার মাধ্যমে কোন দিন কোথায় সমাবেশ হবে, তার সময়সূচি নির্ধারণ করবেন। দেশব্যাপী এই কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর রাজধানী ঢাকায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি ‘জাতীয় মহাসম্মেলন’ অনুষ্ঠিত হবে। আমাদের মূল লক্ষ্য হলো গণভোটের মাধ্যমে জনগণের রায়ের সঠিক বাস্তবায়ন।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন হামিদুর রহমান আজাদ, মাওলানা জালাল উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ।



