সরকারে যারা ‘একটি দলের’ প্রতিনিধির কাজ করেছে, তাদের পদত‍্যাগ করতে হবে : ইশরাক

এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে।

নয়া দিগন্ত অনলাইন
ইশরাক হোসেন
ইশরাক হোসেন |ইন্টারনেট

অন্তর্বর্তী সরকারের একটি অংশের মধ্যে ‘ক্ষমতার লোভ’ জন্ম নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

তিনি বলেন, যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে, তাই নয়; বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত‍্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্র হাসিনার দোসরদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে।

আজ সোমবার দুপুরে নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে এ কথা লিখেছেন ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিলো মুখ্য উদ্দেশ্য।’

ইশরাক হোসেন বলেন, ‘এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটার অধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে- তা ক্লিন কাট বুঝিয়ে দিলো।

এর আগে, সোমবার সকাল ১০টার দিকে ঢাকার দক্ষিণের মেয়র ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকেরা।

তাদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন প্রকাশের পরও উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না।