মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতা মহান আল্লাহর দরবারে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।
এ সময় বিরোধীদলীয় নেতার সাথে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন।
পরে বিরোধীদলীয় নেতা সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।



