গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদ, খুনীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (২১ জুন) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহীদ ওসমান হাদি চত্বরে (শাহবাগ) গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘গত ২০ বছর ধরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, হত্যা ও গুমের বিরুদ্ধে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করেছি। এই দীর্ঘ সময়ের লড়াইয়ে অসংখ্য ভাইকে হারিয়েছেন এবং একসাথে সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি। দীর্ঘ ২০ বছর ধরে একসাথে আন্দোলন করার পরেও বর্তমানে ক্ষমতায় আসার পর সেই আন্দোলনের সহযোগী যুবদলেরই সন্ত্রাসীরা গাইবান্ধায় সাইফুল্লাহকে নৃশংসভাবে হত্যা করেছে, যা অত্যন্ত দুঃখজনক।’
তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির তাদের কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছে এবং তারা ক্যাম্পাসগুলোতে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তবে সতর্ক করা হয় যে, যদি বিচার বিভাগীয় সংস্কারের নামে বিচার বিলম্বিত করা হয় বা খুনিদের প্রশ্রয় দেয়া হয়, তবে জনগণ তার উপযুক্ত জবাব দেবে।’
শাহবাগের আন্দোলনের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের কোনো কর্মীকে আঘাত করার চেষ্টা করলে তারা ভেঙে পড়বে না, বরং ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।’
তিনি আরো বলেন, ‘ছাত্রদলের ও যুবদলের কিছু কর্মকাণ্ডের কারণে মানুষ আবার আশাহত হচ্ছে।’
বর্তমান সরকারপ্রধানের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ‘প্রতিটি খুনের বিচার নিশ্চিত করতে হবে।’ অন্যথায়, জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে বলে ঘোষণা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুল রহমান আজার, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল আলিম আরিফসহছাত্রশিবিরের ঢাকা মহানগর বিভিন্না শাখার নেতৃবৃন্দ।



