সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ শুরু, প্রধান অতিথি তারেক রহমান

সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশ শুরু হয়েছে, যেখানে চেয়ারম্যান তারেক রহমান সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীদের পরিচয় করাচ্ছেন এবং মাঠটি মানুষের ভিড়ে পূর্ণ হয়ে গেছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Sylhet
সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ শুরু হয়েছে
সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ শুরু হয়েছে |সংগৃহীত

সিলেট থেকে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১টি সংসদীয় আসনে দল মনোনীত ও জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভামঞ্চে উপস্থিত রয়েছেন।

এর আগে বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন। অনেককে ব্যানার ও দলীয় পতাকা হাতে মাঠের আশপাশে অবস্থান নিতে দেখা যায়।

বৃহস্পতিবার সকাল থেকে মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে মানুষের উপস্থিতি আরো বাড়তে থাকে। নির্ধারিত সময়ের আগেই মাঠের একটি বড় অংশ জনসমুদ্রে পরিণত হয়।

বেলা বাড়ার সাথে সাথে আলিয়া মাদরাসা মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিএনপির নেতা-কর্মীরা ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন ও সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জনসভাস্থল।

সূত্র : বাসস