পটুয়াখালীর বাউফলের কাঁছিপাড়া ইউনিয়নের আব্দুল জব্বার (৫৫)। তিনি দুই চোখের ছানি নিয়ে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। টাকার অভাবে নিজের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি অঙ্গ চোখের চিকিৎসা বন্ধ ছিল আব্দুল জব্বারের। তার প্রিয় মানুষ, আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন সবাইকে নিজ চোখে দেখতে পারা ছিল প্রায় অসম্ভব।
এছাড়া বাউফলের নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের ডালিয়া আক্তারেরও (৩৫) চোখে ছানি পড়েছে। ডাক্তারি ভাষায় যাকে বলা হয় চোখের ইভিআইটিস। তারও সমস্যা প্রায় আব্দুল জব্বারের মতো। চোখে অস্পষ্ট দেখেন এবং অর্থাভাবে চোখের অপারেশন করতে পারছিলেন না ডালিয়া।
বুধবার (২ জুলাই) বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সার্বিক সহযোগিতায় আব্দুল জব্বার ও ডালিয়া আক্তারের চোখে সফল ছানি অপারেশন হয়েছে।
রাজধানীর প্রথমসারির প্রাইভেট হসপিটাল ইবনে সিনায় এই সফল অপারেশন করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা: জাকিয়া ফারহানা।
অপারেশন পরবর্তী ওষুধসহ যাবতীয় খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ বিষয়ে আব্দুল জব্বার বলেন, চোখের আলো ফিরে পাওয়ায় আমি ও আমার পরিবার ড. মাসুদ স্যারের প্রতি আজন্ম কৃতজ্ঞ থাকব।
এ বিষয় ডালিয়া আক্তার বলেন, আমার চোখে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। টাকার অভাবে চোখের ডাক্তার দেখাতে পারিনি। অপারেশন তো অনেক দূরের কথা। মহান আল্লাহর দরবারে মাসুদ স্যার ও তার পরিবারের জন্য দোয়া থাকবে।



