ব্যাংকে শেখ হাসিনার লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ

আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়।

নয়া দিগন্ত অনলাইন
শেখ হাসিনা
শেখ হাসিনা |ফাইল ছবি

অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের দুইটি লকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮৩২.৫ ভরি স্বর্ণ পাওয়া গেছে। ওই লকার দুটি জব্দ করা হয়েছিল।

আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লকার খোলার সময় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে এনবিআরের সিআইসি লকার দু’টি জব্দ করেছিল।

গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। সেদিনের রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেয় ট্রাইব্যুনাল। একইসাথে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার জন্যও আদালত নির্দেশনা দেয়।

ফেরারি দুই আসামির সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার জন্য জব্দকৃত লকার খোলা হচ্ছে বলে জানায় এনবিআর।