দলের আমির ডা: শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমিরে জামায়াত এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার লক্ষ্যে একটি গভীর ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে আমাদের নিয়ন্ত্রণাধীন সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘এ ঘটনার পরপরই একটি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে কিছু কর্মসূচি ঘোষণা করেছে, যা আমাদের গভীর সন্দেহকে আরো জোরালো করেছে। আমরা মনে করছি, এর সাথে একটি বিশেষ রাজনৈতিক দলের সাইবার টিম বা সংশ্লিষ্ট ষড়যন্ত্রকারী চক্র জড়িত থাকতে পারে।’
তিনি আরো বলেন, ‘আমিরে জামায়াতের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি আমরা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি এবং এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে বিবৃতি দিয়েছি। এ ঘটনায় রাতেই আমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘আমাদের সাইবার সিকিউরিটি টিম পুরো বিষয়টি তদন্ত করছে এবং আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরা হচ্ছে। আইনি পদক্ষেপসহ সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। কারণ এটি একটি চরম ও ন্যাক্কারজনক অপপ্রয়াস, যার লক্ষ্য আমিরে জামায়াতসহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করা।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর অবস্থান অত্যন্ত স্পষ্ট— নারী সমাজ, দেশ, দেশের স্বাধীনতা ও মর্যাদার প্রতি আমাদের শ্রদ্ধা প্রশ্নাতীত। আমিরে জামায়াত বিষয়গুলো অত্যন্ত সুস্পষ্ট ও সাবলীলভাবে বারবার তুলে ধরেছেন। এসব কারণেই একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ ও সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি। আজ আমরা সম্মানিত নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বশীল মহলের সাথে এ বিষয়ে আলোচনা করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাব।’
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা ও জাতীয় নির্বাচন কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, ‘গতকাল ৩১ জানুয়ারি বিকেল ৪টার দিকে আমিরে জামায়াতের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সর্বশেষ স্বাভাবিক পোস্ট দেখা যায়। এরপর বিকেল ৪টা ৫৫ মিনিটে আমাদের দৃষ্টিগোচরে আসে যে, ৪টা ৩৭ মিনিটে উক্ত আইডিতে একটি অত্যন্ত আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রদত্ত হয়েছে, যা আমাদের আদর্শ, চিন্তাধারা ও অবস্থানের সম্পূর্ণ বিপরীত। তখন উক্ত আইডি পরিচালনা টিমের সাথে যোগাযোগ করলে তারা যাচাই করে আইডিটির হ্যাক হওয়ার বিষয়ে নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে আমাদের সাইবার সিকিউরিটি টিম পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করে এবং আল্লাহর রহমতে ৫টা ৯ মিনিটে উক্ত আইডির পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে তা সম্ভব হয়। পরে বিকেল ৫টা ২২ মিনিটে আমরা উক্ত টুইটার অ্যাকাউন্টে জরুরি ঘোষণার মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়।’
তিনি বলেন, ‘তদন্তে দেখা গেছে— শুধু আমিরে জামায়াতের টুইটার অ্যাকাউন্ট নয়, একইসাথে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক পেজও সাময়িকভাবে দখলে নেয়া হয়েছিল। রাত সাড়ে ৩টার দিকে আমরা থানায় গিয়ে সাধারণ ডায়েরি করি এবং সাংবাদিকদের বিস্তারিত জানাই। রাতভর ব্যপক অনুসন্ধানের মধ্য দিয়ে হ্যাকিং প্রক্রিয়ার আদ্যোপান্ত খুঁজে বের করা সম্ভব হয়েছে এবং সেটাই তুলে ধরার জন্য এখনকার সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের অপতৎপরতা চালিয়ে সত্যকে দমন করা যাবে না। জামায়াতে ইসলামী সত্য ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে মানুষের পাশে থাকতে চায়। আমাদের ক্রমবর্ধমান জনসমর্থন ও অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে থামানো যাবে না ইনশাআল্লাহ।’
বক্তব্য শেষে নির্বাচনী ক্যাম্পেইন টিমের সদস্য ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি বিস্তারিত প্রেজেন্টেশনে তুলে ধরেন এবং সাংবাদিকদের প্রশ্নোত্তর দেন।



