রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় জামায়াত নেতা মোহাম্মদ আনোয়ার উল্লাহকে (৬৫) হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে পশ্চিম রাজাবাজারে তার বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। এরপর আনোয়ার উল্লাহর মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে বাসায় তাকা নগদ পাঁচ লাখ টাকাসহ আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় তারা। পরে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আনোয়ার উল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ।
মোহাম্মদ আনোয়ার উল্লাহ শেরেবাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামীর একজন রুকন ও পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ও হোমিওচিকিৎসক ছিলেন।
পরিবারের দাবি, এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমাউল হক বলেন, ‘রাতে ঘরের গ্রিল কেটে একদল চোর প্রবেশ করে। এ সময় ঘুমিয়ে ছিলেন আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী। তাদের দু’জনের হাত-পা ও মুখ বেঁধে চোর চক্র ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আনোয়ার উল্লাহ মারা যান।
এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



