মামুনুল হক-ইরানি রাষ্ট্রদূত বৈঠক

হরমুজ প্রণালীতে বাংলাদেশী জাহাজ চলাচলে ইতিবাচক বার্তা ইরানি রাষ্ট্রদূতের

বৈঠকে মামুনুল হক হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশী তেলবাহী জাহাজ চলাচলে ইরানকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান। ইরানের হাইকমিশনার বিষয়টিকে গুরুত্বের সাথে সমাধানের চেষ্টা চালাবেন এবং এ বিষয়ে তার দেশে ইতিবাচক বার্তা প্রেরণ করবেন বলে আশ্বাস দেন।

নিজস্ব প্রতিবেদক
মামুনুল হকের সাথে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মামুনুল হকের সাথে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ |নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকার মোহাম্মদপুরস্থ মামুনুল হকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মজলিস আমিরের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান।

সাক্ষাৎকালে ইরানে চলমান আমেরিকা-ইসরাইল আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সঙ্কটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। মামুনুল হক ইরানে পরিচালিত সাম্প্রতিক সময়ের ইসরাইল-আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ বলে অভিহিত করেন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন।

এ সময় মামুনুল হক হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশী তেলবাহী জাহাজ চলাচলে ইরানকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান। ইরানের হাইকমিশনার বিষয়টিকে গুরুত্বের সাথে সমাধানের চেষ্টা চালাবেন এবং এ বিষয়ে তার দেশে ইতিবাচক বার্তা প্রেরণ করবেন বলে আশ্বাস দেন। সেইসাথে ইরান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।