ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাফেজ রাশেদুল ইসলাম রাশেদকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ শেরপুর ফোরাম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার শেরপুরবাসী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সভাপতি মুহাম্মদ শাহজাহান চৌধুরী ও সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য-কলাবাগান পশ্চিমের ভারপ্রাপ্ত থানা আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাক।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগরীর সাবেক সভাপতি ডা: মোখলেসুর রহমান, বাংলাদেশ কৃষিবিদ্যালয় শাখার সাবেক সভাপতি ডা: শহীদুল্লাহ্ শরীফ, অ্যাডভোকেট সুলতান মাহমুদ হোসাইনী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য রিয়াদ হোসাইন, শেরপুর জেলার সাবেক সভাপতি এম এ সাদি, শামছুর রহমান সাজু, শফিকুল ইসলাম, জাকারিয়া মোল্লা, হাফেজ আল আমিন, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, জয়নুল আবেদীন, জোবায়দুল ইসলাম প্রমুখ।
ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ঢাকায় কর্মরত শেরপুরবাসী জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে নবনির্বাচিত এমপির সাথে আলোচনা করেন।
এ সময় হাফেজ রাশেদুল ইসলাম শেরপুর জেলাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও পরিকল্পিত জেলায় রূপান্তরের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
বক্তারা তাদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, শেরপুর-১ আসনের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টিতে নবনির্বাচিত এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন, ‘নির্বাচনে বিজয় জনগণের। আমি শেরপুরবাসীর প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। উন্নয়নই হবে আমার রাজনীতির প্রধান লক্ষ্য।’
অনুষ্ঠান শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি সমাপ্ত হয়।



