রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের মধ্যে দেশপ্রেমের বড়ই অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
তিনি বলেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর যেখানে ঐক্যবদ্ধ থাকার কথা, সেখানে আমরা বিভক্ত হয়ে পড়েছি। ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে দেশ ও মানবতার জন্য কাজ করার লোকের বড়ই অভাব। এ অভাব একমাত্র জামায়াতের মাধ্যমেই পূরণ করা সম্ভব।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পশ্চিম থানা আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের মধ্যে দেশপ্রেমের বড়ই অভাব। এ অভাব পূরণে আদর্শবাদী দলের কর্মীদের সততা, যোগ্যতা ও দেশপ্রেমের সমন্বয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মনিরুল ইসলাম, ড. আনোয়ারুল হক, থানা ছাত্রশিবির সভাপতি মেহেদি হাসানসহ অন্যরা।



