সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, ‘সরকার জুলাই-আগস্ট স্মৃতি জাদুঘর করবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে জুলাইয়ের বীরত্বের গল্প ও শোকগাথা সংরক্ষণ। যাতে ৫০ বছর পরে গিয়েও পরবর্তী প্রজন্ম জানতে পারে কী হয়েছিল? তারা যেন বুঝতে পারে কী করা যাবে আর কী করা যাবে না। ফলে আর কোনো দিন এরকম খুনির আবির্ভাব হবে না।’
শনিবার (৩১ মে) বিকেলে কক্সবাজারের পেকুয়ায় চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যম ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, ‘জুলাই যোদ্ধারা গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকার তাদের এ অবদানের স্বীকৃতি দিচ্ছে।’
মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্মারক সংগ্রহের উদ্দেশে জুলাই শহীদদের বাড়ি পরিদর্শনে যাচ্ছেন সাংস্কৃতিক উপদেষ্টা। আগামী এক থেকে দেড় মাস এ কার্যক্রম চলবে বলে জানান এ উপদ্ষ্টো।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই চট্টগ্রামের ষোলশহরে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিক্ষার্থী ওয়াসিম আকরাম। শনিবার মোস্তফা সরওয়ার ফারুকী পেকুয়ায় শহীদ ওয়াসিমের বাড়িতে যান।
এর আগে পেকুয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পেকুয়া উপজেলা মিলনায়তনে পেকুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে আহত যোদ্ধাদের হাতে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকার চেক তুলে দেন এ উপদেষ্টা।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, উপজোলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম।



