বাংলাদেশের সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের সাবেক দুইজন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে শুক্রবার (৬ মার্চ) বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায় পাল্টে দেয়ার অভিযোগের তদন্তের জন্য সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি’ লেখা দেখা যায় জামায়াতের বিক্ষোভের ব্যানারে, যা দলটির ভেরিফাইড ফেসবুক ও ইউটিউব পেজে শেয়ার করা হয়েছে।
শুক্রবারের জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামায়াতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংবাদমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বিক্ষোভ সমাবেশ থেকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ভোট গণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি স্তরে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি মন্তব্য ঘিরে বিভিন্ন অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।
দলটি ওই সাবেক উপদেষ্টার ভুল স্বীকার করার দাবিও জানিয়েছে।
এছাড়া বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক উপদেষ্টা খলিলুর রহমানের বিরুদ্ধে ‘লন্ডন মেকানিজম’-এর অভিযোগ তুলেছে জামায়াত। বিবিসি



