মাওলানা গাজী আতাউর রহমান

কৃষি-ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় নেবেন না

এমন পরিস্থিতিতে তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না।

নিজস্ব প্রতিবেদক
কথা বলছেন মাওলানা গাজী আতাউর রহমান
কথা বলছেন মাওলানা গাজী আতাউর রহমান |ছবি : নয়া দিগন্ত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। ৫-৭ টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের রিজার্ভের ৪০ হাজার কোটি টাকার মাধ্যমে সরকার ইশতেহার বাস্তবায়নে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সেগুনবাগিচার আন্তরিক মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন। দলের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, প্রভাষক শফিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসেন, মাওলানা জিয়াউল আশরাফ, নজরুল ইসলাম খোকন, মাওলানা নিজাম উদ্দিন, মুফতী আবদুল আহাদ, ইঞ্জিনিয়ান গোলাম মোস্তফা, হাফেজ সালাহউদ্দিন আহমদ প্রমুখ।

এ সময় মাওলানা গাজী আতাউর রহমান আরো বলেন, দেশের মধ্যে অসাধু ব্যবসায়ীদের রাজত্ব কায়েম হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সিন্ডিকেটচক্র জ্যামিতিক হারে বাড়িয়ে দিচ্ছে। নিম্ন আয়ের মানুষ পারিবারিক প্রয়োজন পূরণ করতে হিমশিম খাচ্ছে। কার্যকরী পদক্ষেপ না নিলে সাধারণ জনগণ আবারো মাঠে নামতে বাধ্য হবে।

সভাপতির বক্তব্যে নগর সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেন, চলমান মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে তেলের কৃত্রিম সঙ্কট তৈরি করে দেশকে বহির্বিশ্বে ঘৃণিত অবস্থায় দেখাতে এ দেশের কিছু স্বার্থান্বেষী মহল তৎপরতা চালাচ্ছে। এ ব্যাপারে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।