লেবাননে তিন বাংলাদেশী নিহতের ঘটনায় জামায়াতের শোক

গোলাম পরওয়ার বলেন, “বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে গিয়ে নিরীহ বাংলাদেশী নাগরিকদের এভাবে প্রাণ হারানো অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। যুদ্ধ কখনো মানবজাতির কল্যাণ বয়ে আনে না; বরং তা ধ্বংস, মৃত্যু, উদ্বাস্তুতা ও অসহায় মানুষের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। লেবাননে বাংলাদেশী নাগরিকদের প্রাণহানি সেই নির্মম বাস্তবতারই আরেকটি বেদনাদায়ক উদাহরণ।”

নয়া দিগন্ত অনলাইন

লেবাননে ইসরাইলের হামলায় তিন বাংলাদেশী প্রবাসী নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার গণমাধ্যমে (১২ মে) পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, “আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি। আমি তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।”

গোলাম পরওয়ার বলেন, “বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে গিয়ে নিরীহ বাংলাদেশী নাগরিকদের এভাবে প্রাণ হারানো অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। যুদ্ধ কখনো মানবজাতির কল্যাণ বয়ে আনে না; বরং তা ধ্বংস, মৃত্যু, উদ্বাস্তুতা ও অসহায় মানুষের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। লেবাননে বাংলাদেশী নাগরিকদের প্রাণহানি সেই নির্মম বাস্তবতারই আরেকটি বেদনাদায়ক উদাহরণ।”

তিনি বলেন, “মানবসভ্যতার শান্তি, স্থিতি ও সহাবস্থানের স্বার্থে মানবতার দুশমন দখলদার ইসরাইলের যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতি প্রদান করার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

প্রসঙ্গত, সোমবার (১১ মে) লেবাননের দক্ষিণাঞ্চলের জেবদিন এলাকার একটি বাড়িতে একটি বাড়িতে ইসরাইলের ড্রোন হামলায় দুই বাংলাদেশী প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। এছাড়া গত ৮ এপ্রিল দেশটির রাজধানী বৈরুতে আরেক হামলায় নিহত হন বাংলাদেশী নারী শ্রমিক দিপালী বেগম।