পটুয়াখালীর বাউফলে মানবেতর জীবনযাপন করা সনাতন ধর্মাবলম্বী তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নিজের এক মাসের সংসদ সদস্য ভাতা তাদের সহায়তায় প্রদান করার পাশাপাশি বসতঘর পুনর্নির্মাণ ও নিয়মিত খাদ্য সহায়তার উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। ড. মাসুদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের প্রতিবন্ধী তিন ভাই—রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে তার এক মাসের ভাতা দেয়া হয়েছে। পাশাপাশি তাদের জন্য একটি নতুন বসতঘর নির্মাণ এবং নিয়মিত খাদ্য সহায়তা নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হচ্ছে।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, গণমাধ্যমে তিন ভাইয়ের দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি তার নজরে আসে। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।
তিনি আরো বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও দেশের সব নাগরিকের মৌলিক অধিকার এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—এসব অধিকার রাষ্ট্রের পক্ষ থেকে শতভাগ নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।



