বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘৭৭ সাল থেকে আমি এ এলাকায় নির্বাচন করে আসছি। নির্বাচনের আগে কখনো নিশ্চিত করে বলতে পারিনি আমি জয়লাভ করব। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে এখনো বলতে পারব না যে আমি নিশ্চিত জয়ী হবো। অথচ, যারা কখনো নির্বাচন করে নাই। জনসম্পৃক্ততা নয়, নিজ এলাকায় পরিচিত নয়, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কখনই জড়িত ছিল, না তারা কী করে বলে নিশ্চিত জিতবে!
আজ সোমবার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে জোহরের নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকেলে তিনি শাহজাহানপুর ইনকামট্যাক্স কলোনি ও এর আশেপাশের মার্কেট এলাকায় ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন। রাতে তিনি শাহজাহানপুর জাহাজ বিল্ডিং রোড এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় এবং গণসংযোগ করবেন।
মির্জা আব্বাস বলেন, যারা কখনই জয়ী হওয়ার কথা নয়, তারা নাকি জিতেই আছে। এতে আমি সন্দিহান, তারা নির্বাচনে কারচুপি করবে কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা-ভাবনা করছে।



