নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, জামায়াতের নিন্দা

অ্যাডভোকেট জুবায়ের আরো বলেন, “রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উসকানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “ শুক্রবার (২২ মে) বাদ জুমআ ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

তিনি বলেন, “গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।”

অ্যাডভোকেট জুবায়ের আরো বলেন, “রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উসকানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

একই সাথে দেশের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও সহনশীল রাখতে সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।