মিয়া গোলাম পরওয়ার

বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে

সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার গঠন করা ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির মধ্যে এক ধরনের কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে। ফলে রক্ত দিয়ে অর্জিত জুলাই সনদ এবং এর ভিত্তিতে অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় পাঁচ কোটি মানুষের রায় তারা উপেক্ষা করছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Nilphamari

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ কারণে দেশ সঙ্ঘাতের দিকে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) নীলফামারী জেলা জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দুদিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার সংস্কার করে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দলীয়করণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতায় লাগাম টেনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে সংবিধানের ৮৪টি সংস্কার প্রস্তাবে জনগণ সমর্থন দিয়েছিল।

তিনি আরো বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার গঠন করা ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির মধ্যে এক ধরনের কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে। ফলে রক্ত দিয়ে অর্জিত জুলাই সনদ এবং এর ভিত্তিতে অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় পাঁচ কোটি মানুষের রায় তারা উপেক্ষা করছে।

নীলফামারী জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, পলিটিক্যাল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।