চট্টগ্রামে সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার

জুলাই গণ-অভ্যুত্থানকারীদের উপর হামলার অভিযোগে করা মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক এমপি নদভীর পিএস রাসেল উদ্দীন
সাবেক এমপি নদভীর পিএস রাসেল উদ্দীন |সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: রাসেল উদ্দীনকে গ্রেফতার করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ।

তিনি সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার (১২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রাসেল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আব্দুল করিম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের উপর হামলার অভিযোগে করা মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।