বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এলাকায় যদি কাজ করতে হয়, উন্নয়ন করতে হয়, ছেলে-মেয়েদের যদি চাকরি-বাকরির সুবিধা করতে হয় এবং দেশের শান্তি-শৃঙ্খলা যদি রক্ষা করতে হয়, তাহলে আমার কথা আপনাদের চিন্তা করতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, চিন্তা করে আমাকে ভোট দেয়ার।
আজ সোমবার বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খালি হাতে কোথাও যাওয়া যায় না, আমিও আপনাদের কাছে খালি হাতে ভোট চাইতে আসি নাই। কতগুলো প্রস্তাব নিয়ে আপনাদের সামনে এসেছি। নির্বাচিত হলে কী কী কাজ করব, সে প্রস্তাব আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মা-বোনদের ক্ষমতা দেয়ার জন্য আমরা তাদের হাতে একটি করে ফ্যামিলি কার্ড দেবো। সেখানে তার ছবি এবং নাম থাকবে। এই কার্ডটি দিয়ে তিনি চাল, ডাল, লবণ, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস ন্যায্যমূল্যে কিনতে পারবেন। নিজের বা বাচ্চার অসুখ হলে এই কার্ড দিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবেন। স্কুলে ভর্তির ব্যাপারে তিনি অগ্রাধিকার পাবেন। কৃষকদের জন্য রয়েছে কৃষি কার্ড। এই কার্ড দিয়ে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ, পানি পাবেন। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দেয়া হবে। মা-বোনদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের দায়িত্ব সরকার নিবে।
তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন, আগামী দেড় বছরের মধ্যে এক কোটি মানুষকে চাকরি দেয়া হবে। আমাদের ইমাম সাহেব ও মন্দিরের পুরোহিতরা বেতন পায় না। সরকারিভাবে তাদের বেতন ভাতা দেয়া হবে।
এসময় বিএনপির বিভন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



