মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে: গোলাম পরওয়ার

তিনি বলেন, সমাজ থেকে সুদ, ঘুষ ও দুর্নীতি দূর করে ন্যায়ভিত্তিক ও ধর্মীয় অনুশাসননির্ভর সমাজ গড়ে তুলতে হবে। কুরবানির শিক্ষা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Khulna
খুলনা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন
খুলনা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন

শুধু পশু কুরবানি করলেই চলবে না, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৮ মে) খুলনা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সমাজ থেকে সুদ, ঘুষ ও দুর্নীতি দূর করে ন্যায়ভিত্তিক ও ধর্মীয় অনুশাসননির্ভর সমাজ গড়ে তুলতে হবে। কুরবানির শিক্ষা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় খুলনা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই নগরীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

খুলনা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মহানগরীর ৩১টি ওয়ার্ডসহ চার শতাধিক স্থানে এবং জেলার বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি স্থানে ঈদের জামাতের আয়োজন করা হয়।

নামাজ শেষে মুসল্লিদের অনেকে বাড়িতে ফিরে কুরবানির পশু জবাই শুরু করেন। ঈদ উপলক্ষে সকাল থেকেই খুলনা শহর ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায়, কুশল বিনিময় ও কুরবানির প্রস্তুতিকে ঘিরে মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।